দখলদার ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গ্যভির ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের নিয়ে চরম অমানবিক ও উসকানিমূলক মন্তব্য করেছেন। হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া এক সাবেক জিম্মির সম্মানে আয়োজিত অনুষ্ঠানে তিনি দাবি করেন, গাজার কিছু মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং তারা মানুষও নয়।
বেন-গ্যভির তার বক্তব্যে বলেন, “এটি কোনো গোপন বিষয় নয়। আমি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বিভিন্ন বিষয়ে ভিন্নমত পোষণ করি। আমার মতে, গাজায় প্রতিরাতে ৩০ থেকে ৪০ জনকে টার্গেট করে গুপ্তহত্যা চালানো উচিত।” তিনি আরও যোগ করেন যে, শুধুমাত্র যারা ইসরায়েলের জন্য হুমকি তাদেরই নয়, বরং গাজায় এমন কিছু মানুষ আছে যাদের বেঁচে থাকার যোগ্যতা নেই এবং তাদের বেঁচে থাকা উচিত নয়।
অনুষ্ঠানে তিনি পুরো গাজা উপত্যকা ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন। বেন-গ্যভির বলেন, “আমি দেখি পুরো গাজা আমাদের। গাজার মানুষকে যতটা সম্ভব স্থানান্তরিত করতে হবে এবং তাদেরকে তাদের দেশে ফেরত পাঠাতে হবে। আর যারা সন্ত্রাসী, তাদের কোথাও না যেতে দিয়ে একজন একজন করে হত্যা করতে হবে।”





