নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ও সহায়তার বার্তা

প্রকাশ:

নেপালে সম্প্রতি আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৬ আগস্ট) এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান।

শোক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। তিনি আরও বলেন, আমাদের চিন্তা ও প্রার্থনা সেইসব পরিবার ও মানুষের সাথে রয়েছে, যারা প্রিয়জন হারিয়ে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রকৃতির এই কঠিন বিপর্যয়ে নেপালের পাশে বাংলাদেশ রয়েছে উল্লেখ করে দুর্যোগের এই সংকটময় মুহূর্তে নেপালকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে বলে তিনি বার্তা দেন। শোক বার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

নেপালে আকস্মিক এই ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশের তথ্য অনুযায়ী, এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ২৮ জন পুলিশ সদস্যও অন্তর্ভুক্ত। বুধবার রাত পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিব্বত সীমান্তবর্তী পার্বত্য এলাকায় বন্যায় গ্রাম ভেসে যাওয়ার পাশাপাশি সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দল দুর্গত এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যমতে, বন্যার পর প্রায় ৪০৩ জন পর্যটকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক, যার মধ্যে ১৪২ জনই ভারতীয়। এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের নাগরিকরাও নিখোঁজ রয়েছেন।

শেয়ার করুন