পাকিস্তানে বাংলাদেশের তাজা আনারস রপ্তানির পথ আনুষ্ঠানিকভাবে প্রশস্ত হয়েছে। দেশটির সরকার এই ফল আমদানির বিষয়ে আনুষ্ঠানিক অনুমতি প্রদান করেছে। ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
এই বাণিজ্য সুবিধা অর্জনের পেছনে কাজ করেছে দীর্ঘ কয়েক বছরের নিরলস কূটনৈতিক তৎপরতা। বাংলাদেশ হাইকমিশন (ইসলামাবাদ), উপ-হাইকমিশন (করাচি), কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই বাণিজ্যিক বাধা দূর করা সম্ভব হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, পাকিস্তানে বাংলাদেশি আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। এই রপ্তানি সুযোগ চালুর ফলে দুই দেশের মধ্যে কেবল আনারসই নয়, বরং অন্যান্য কৃষিপণ্য ও ফলমূল আমদানি-রপ্তানির প্রসার ঘটবে। একই সঙ্গে, এটি দুই দেশের সামগ্রিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।





