ভারতের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

প্রকাশ:

ভারতের আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি হয়ে মৃতের সংখ্যা ৮২ জনে দাঁড়িয়েছে। শনিবার (১ আগস্ট) দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও বৃহস্পতিবারের তুলনায় বর্তমানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবুও রাজ্যের পাঁচটি জেলায় এখনো জনজীবন বিপর্যস্ত। শিবসাগর, গোলাঘাট, জোরহাট, নগাঁও এবং চরাইদেও জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় দুই লাখ মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছেন। এর মধ্যে চরাইদেও জেলায় সবচেয়ে বেশি ৭৭ হাজার ৪৫৬ জন, শিবসাগরে ৬৩ হাজার ৪৯২ জন এবং জোরহাটে ৩৪ হাজার ৬৭ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব মিলিয়ে রাজ্যে মোট ১ লাখ ৯২ হাজার ৭৯৯ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। গোলাঘাট, শিবসাগর ও নুমালিগড়ে দিখৌ ও ধানসিরি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে রাজ্যের ৫৪টি ত্রাণশিবিরে প্রায় ১৩ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া ২৬টি ত্রাণ বিতরণ কেন্দ্রের মাধ্যমে ৫ হাজার ৩৮৪ জনকে সহায়তা প্রদান করা হচ্ছে। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে। এর আওতায় ক্ষতিগ্রস্ত যানবাহন, গবাদি পশু ও সম্পত্তির ক্ষতিপূরণের দাবি দ্রুত নিষ্পত্তির জন্য বীমা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণগ্রহীতাদের কিস্তি পরিশোধে স্থগিতাদেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আগামী ৫ আগস্ট রাজ্য মন্ত্রিসভা সরকারি ও বেসরকারি বীমা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবে। একই দিনে এনবিএফসিগুলোর সঙ্গেও আলোচনা করা হবে যাতে ক্ষতিগ্রস্তরা ঋণ পরিশোধে ছাড় পান। এছাড়া সরকারি ক্ষয়ক্ষতির দ্রুত মূল্যায়নের মাধ্যমে জরুরি তহবিল বরাদ্দের পদক্ষেপও গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন