বাঁধনের ওপর হামলা সহ্য করা যায় না: আসিফ নজরুল

প্রকাশ:

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম। ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্মীদের হাতে এমন হামলার শিকার হওয়ার বিষয়টি মোটেও সহ্য করার মতো নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগের কিছু কর্মীর এমন কাণ্ডকীর্তি দেখে তিনি বিস্মিত। তিনি প্রশ্ন রাখেন, অভিনেত্রী বাঁধনের ওপর আপনারা এভাবে হামলা করতে পারলেন? হামলাকারীরা নিজেরাই তা ফলাও করে প্রচার করেছেন এবং নিজেরাই অকাট্য সাক্ষী রেখে দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এখন যদি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তবে শূন্য হাতে দেশে ফিরতে হবে। এটা আপনাদের বা আপনাদের পরিবারের জন্য মোটেও ভালো হবে না।

আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা কার জন্য এসব করছেন? সজীব ওয়াজেদ জয়কে নতুন বেশে দেখে কি আপনারা সত্যি বিশ্বাস করেন যে, তার বা তার মায়ের হৃদয় আপনাদের জন্য কাঁদে? আপনারা কি আসলেই বিশ্বাস করেন যে, তারা আপনাদের ভাগ্য বদলে দিতে পারেন বা আপনাদের করুণ পরিণতি হলে কোনো সাহায্য করবেন? নিজেকে বিপন্ন করে দেশের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। তিনি পরামর্শ দেন, দলকে ভালোবাসলে আপনারা বিদেশে নিয়মতান্ত্রিকভাবে কাজ করুন।

আসিফ নজরুল বলেন, কেন বাংলাদেশের সব স্তরের মানুষ নিজের জীবন বিপন্ন করে শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, গোপনে হলেও তা বোঝার চেষ্টা করুন। দলের স্বার্থপর নেতাদের কাছে প্রশ্ন রাখারও আহ্বান জানান তিনি। এছাড়া নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, দুই বছর আগে জেনেভায় আমার বিরুদ্ধে মব করার পর আমার সুযোগ ছিল ব্যবস্থা নেওয়ার, কিন্তু আমি নিইনি। তবে এরপর থেকে আপনাদের কেউ কেউ আরও বেশি নোংরা ও বেপরোয়া হয়ে উঠেছেন, যা সহ্য করার মতো নয়।

শেয়ার করুন