জাতিসঙ্ঘ মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

প্রকাশ:

পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (UNMISS) এবং ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই (UNISFA) পরিদর্শন শেষে আজ দেশে প্রত্যাবর্তন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সফরকালে সেনাপ্রধান দক্ষিণ সুদানে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন এবং বাংলাদেশ নৌ-বাহিনীর ফোর্স মেরিন ইউনিট পরিদর্শন করেন। এছাড়াও তিনি আবেইতে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়ন এলাকা পরিদর্শন করেন। মিশন এলাকায় দায়িত্বরত বাংলাদেশী শান্তিরক্ষীদের সাথে মতবিনিময়কালে তিনি তাদের কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন এবং সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান UNMISS-এর ফোর্স কমান্ডার মেজর জেনারেল Junhui Wu এবং UNISFA-এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল Ganesh Kumar Shrestha-এর সাথে পৃথকভাবে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় মিশনের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি এবং আভিযানিক চ্যালেঞ্জের বিষয়গুলো আলোচনায় উঠে আসে। এছাড়া তিনি আবেইতে মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটরদের সাথেও সাক্ষাৎ করেন।

দক্ষিণ সুদানের প্রতিরক্ষা মন্ত্রী Chol Thon Balok এবং প্রতিরক্ষা বাহিনী প্রধান General Santino Deng Wol-এর সাথেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সেনাপ্রধান। এ সময় দক্ষিণ সুদান প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এই সফর বাংলাদেশী শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি জাতিসঙ্ঘ ও সংশ্লিষ্ট দেশগুলোর সাথে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। একইসাথে এটি বাংলাদেশের জন্য শান্তিরক্ষা কার্যক্রমের পরিধি সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করবে।

শেয়ার করুন