বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন: পরিসংখ্যানে এগিয়ে কে?

প্রকাশ:

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হচ্ছে। মাঠের লড়াই শুরুর আগে পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আক্রমণভাগে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও রক্ষণে প্রায় অপ্রতিরোধ্য স্পেন।

চলতি আসরে সাত ম্যাচে আর্জেন্টিনা ১৯টি গোল করেছে, যা টুর্নামেন্টে সর্বোচ্চ। দলটি মোট ১১৩টি শট নিয়ে ৪৬টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়েছে, যেখানে গোলে রূপান্তরের হার ১৭ শতাংশ। বিপরীতে স্পেন সাত ম্যাচে ১৩টি গোল করেছে। তাদের ১২০টি শটের মধ্যে ৪২টি ছিল লক্ষ্যে এবং গোলে রূপান্তরের হার ১১ শতাংশ।

পাসিংয়ের ক্ষেত্রে দুই দলই সমান কার্যকর। আর্জেন্টিনা ৪ হাজার ৭৭২টি পাসের মধ্যে ৪ হাজার ৩২৪টি সফল করে ৯১ শতাংশ সফলতা পেয়েছে। স্পেনও ৯১ শতাংশ পাসিং নির্ভুলতা বজায় রেখেছে, তবে গড়ে ৬৩ দশমিক ৭ শতাংশ বলের দখল রেখে এই বিভাগে তারা এগিয়ে রয়েছে। রক্ষণভাগের পরিসংখ্যানে স্পেনের আধিপত্য স্পষ্ট; তারা পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছে এবং ছয়টি ম্যাচে ক্লিন শিট রেখে নতুন রেকর্ড গড়েছে। বিপরীতে আর্জেন্টিনা সাতটি গোল হজম করলেও দুই ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি।

ব্যক্তিগত পারফরম্যান্সেও দুই দলের তারকারা দারুণ ছন্দে রয়েছেন। আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি সর্বোচ্চ ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। এছাড়া এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, হুলিয়ান আলভারেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যদিকে, স্পেনের হয়ে সর্বোচ্চ ৫ গোল করেছেন মিকেল ওইয়ারসাবাল। রদ্রি বিশ্বকাপে এক আসরে সর্বাধিক সফল পাসের নতুন রেকর্ড গড়েছেন এবং লামিন ইয়ামাল সর্বোচ্চ ৩০টি সফল ড্রিবল করেছেন। স্পেনের রক্ষণভাগ সামলানো পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে এবং গোলরক্ষক উনাই সিমনের ধারাবাহিক পারফরম্যান্স দলটিকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছে। সব মিলিয়ে, দুই ভিন্ন ফুটবল দর্শনের লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

শেয়ার করুন