আর্জেন্টিনা-স্পেন ফাইনাল: ইতিহাসের সবচেয়ে দামি টিকিট দেখবে মেটলাইফ স্টেডিয়াম

প্রকাশ:

চলমান ফিফা ২০২৬ ফুটবল বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত এই ফাইনাল ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে টিকিটের মূল্যে। যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপ ফাইনালের টিকিট যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে দামি টিকিটে পরিণত হয়েছে।

টিকপিকের প্রতিবেদন অনুযায়ী, ফাইনাল ম্যাচের টিকিটের গড় ক্রয়মূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা। মেটলাইফ স্টেডিয়ামের প্রায় ৮৩ হাজার দর্শকধারণ ক্ষমতার ভিত্তিতে হিসাব করলে দেখা যায়, শুধুমাত্র টিকিটের মাধ্যমেই আয় হবে প্রায় ১১ হাজার ৫৮৫ কোটি টাকা। টিকিটের দামের এই ঊর্ধ্বগতি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে ২০২৪ সালের সুপার বোল এলভি ফাইনালের টিকিটের গড় মূল্য ছিল ৯ হাজার ৪১১ ডলার।

বর্তমানে ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের দাম ৭ হাজার ৬৭৬ ডলার বা প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকা। অন্যদিকে, সবচেয়ে দামি টিকিটের জন্য গুনতে হচ্ছে ২৮ হাজার ৪৭৯ ডলার বা প্রায় ৩৫ লাখ টাকা। ফিফা টুর্নামেন্ট শুরুর আগে টিকিটের একটি প্রাথমিক মূল্য তালিকা দিলেও, ম্যাচের গুরুত্ব ও চাহিদা অনুযায়ী রিসেল পদ্ধতিতে দাম বাড়ানো হয়েছে। বিশ্বকাপের ফাইনালে টিকিটের সর্বোচ্চ মূল্য আগে ১০ হাজার ৯৯০ ডলার থাকলেও তা এখন প্রায় সাড়ে ২৮ হাজার ডলারে পৌঁছেছে। টিকিটের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে অনেকে ‘ফিফার ব্লাক টিকিট’ হিসেবেও সমালোচনা করছেন।

শেয়ার করুন