বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলোর রেফারিং নিয়ে চলমান বিতর্কের মধ্যেই সেমিফাইনালের জন্য নতুন রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। বুধবার আটলান্টার মার্সিডিজ-বেন্জ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইসমায়েল এলফাত। নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর এক দিন আগে ফিফা এই ঘোষণা দেয়।
ম্যাচটিতে এলফাতকে সহায়তার জন্য সহকারী রেফারি হিসেবে থাকছেন কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। এছাড়া চতুর্থ রেফারি হিসেবে ইতালির মাউরিজিও মারিয়ানি এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দানিয়েলে বিনদোনির নাম ঘোষণা করা হয়েছে।
৪৪ বছর বয়সী এলফাত এবারের বিশ্বকাপে এর আগে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস-জাপান ও উরুগুয়ে-স্পেন ম্যাচের দায়িত্ব পালনের পর শেষ ষোলোয় ব্রাজিল-নরওয়ে ম্যাচেও তিনি রেফারির দায়িত্বে ছিলেন, যেখানে নরওয়ে ২-১ গোলে জয়ী হয়েছিল।
মরক্কোতে জন্মগ্রহণ করা এলফাত ২০০১ সালে ১৮ বছর বয়সে ডাইভারসিটি ভিসা লটারিতে সুযোগ পেয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে টেক্সাসের বাসিন্দা এলফাত ২০১২ সাল থেকে মেজর লিগ সকারে (এমএলএস) কাজ করছেন। ২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর ২০২২ কাতার বিশ্বকাপ ছিল তাঁর প্রথম বিশ্বকাপ আসর, যেখানে তিনি আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালে চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
উত্তর আমেরিকার অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত এলফাত ২০২২ এমএলএস কাপ ফাইনাল ও ২০২৬ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ফাইনাল পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন এবং দুইবার এমএলএস বর্ষসেরা রেফারির স্বীকৃতি পেয়েছেন। এবারের আসরের বিতর্কিত রেফারিং পরিস্থিতির মধ্যে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পাওয়া তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচ নিয়ে মিসর এবং কোয়ার্টার ফাইনালের পর সুইজারল্যান্ড রেফারিং নিয়ে সরাসরি অসন্তোষ ও অভিযোগ জানিয়েছিল।



