মালয়েশিয়া নারী বেসবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে আনসার-ভিডিপি দল

প্রকাশ:

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এবার আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে মালয়েশিয়া সফরে যাচ্ছে বাহিনীর নারী বেসবল দল। আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ‘মালয়েশিয়া নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ অংশ নেবে দলটি।

টুর্নামেন্টটি মালয়েশিয়ার সেলাঙ্গরে অবস্থিত ‘ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া’-র বিএফএম ন্যাশনাল বেসবল মাঠে অনুষ্ঠিত হবে। এতে স্বাগতিক মালয়েশিয়াসহ বাংলাদেশ, পাকিস্তান ও ইন্দোনেশিয়া—এই চারটি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। এই প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ আনসার-ভিডিপি নারী বেসবল দল ১০ থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থান করবে।

সফর উপলক্ষে আজ ৯ আগস্ট (রবিবার) বাহিনী সদর দপ্তরে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি দলের খেলোয়াড়দের আন্তরিক উৎসাহ প্রদান করেন এবং শুভকামনা জানান। তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তর্জাতিক এই মঞ্চে দেশকে সফলভাবে প্রতিনিধিত্ব করার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় আনসার-ভিডিপি ক্রীড়াদলের ধারাবাহিক শ্রেষ্ঠত্বের ঐতিহ্য রয়েছে। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবার বেসবল ময়দানেও সেরা নৈপুণ্য প্রদর্শনের প্রত্যাশা করছে দলটি।

শেয়ার করুন