মালয়েশিয়ায় মানবপাচার ও অভিবাসী শ্রমিক অধিকার নিয়ে সোচ্চার ব্রিটিশ কর্মী অ্যান্ডি হলকে দুটি পৃথক মানহানি মামলায় মোট ৫ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা) জরিমানা করেছেন দেশটির জোহর বাহরু হাইকোর্ট। বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করে বিচারিক কমিশনার নোরাদুরা হামজা জানান, বাদী ও বিদেশি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান 'এমবুন কারিসমা রিসোর্সেস'-এর পরিচালক আর. মুথুসামির আনা অভিযোগসমূহ আদালতে প্রমাণিত হয়েছে।
চার বছর আগে দায়ের করা দুটি মামলার একত্রে অনুষ্ঠিত এই শুনানিতে বিবাদী অ্যান্ডি হল সশরীরে উপস্থিত থেকে আত্মপক্ষ সমর্থন করেননি। রায়ের মৌখিক পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেন, মুথুসামির বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল, যা তার সুনাম ক্ষুণ্ন করেছে—এই স্পর্শকাতরতা বিবেচনা করেই ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ করা হয়েছে।
ক্ষতিপূরণের পাশাপাশি মামলার আইনি খরচ বাবদ অ্যান্ডি হলকে আরও ১ লাখ রিঙ্গিত পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মানহানিকর বক্তব্য প্রকাশ থেকে বিরত থাকার নিষেধাজ্ঞা জারির পাশাপাশি দেশের জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুথুসামির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আদেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বাদীর অভিযোগ—আদালতের নির্দেশনা তোয়াক্কা না করে গত ১৭ ফেব্রুয়ারি 'ফোকাস মালয়েশিয়া'-তে প্রকাশিত এক প্রতিবেদনে আবারও তার বিরুদ্ধে অসত্য ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন অ্যান্ডি হল। মামলার নথিতে মুথুসামি দাবি করেন, হলের এসব চাঞ্চল্যকর ও অপপ্রচারমূলক বক্তব্য দেশীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে একজন ব্যবসায়ী হিসেবে তার সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।





