অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় দিবস তিশা ব’আভ উপলক্ষে ৪ হাজারের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী ও কট্টর ডানপন্থী কর্মীর প্রবেশকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, চলতি বছরে এটি ওই পবিত্র স্থানে প্রবেশের সবচেয়ে বড় ঘটনা।
ফিলিস্তিনি প্রশাসনের জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৪ হাজার ২৮৮ জন ইসরায়েলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছেন। তাদের আশঙ্কা, দিনের শেষে এই সংখ্যা ৫ হাজারে পৌঁছাতে পারে, যা তিশা ব’আভ উপলক্ষে আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।
এই ঘটনার সময় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে আল-আকসা প্রাঙ্গণে যান। তার এই উপস্থিতির বিষয়ে ফিলিস্তিন ও জর্ডানসহ বিভিন্ন পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে।
উল্লেখ্য, ইহুদি ধর্মাবলম্বীদের কাছে তিশা ব’আভ হলো প্রাচীন দুটি ইহুদি মন্দির ধ্বংস হওয়ার স্মরণে পালিত একটি শোকের দিন। মুসলমানদের কাছে এই স্থানটি আল-আকসা মসজিদ প্রাঙ্গণ হিসেবে পরিচিত, আর ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে পরিচিত।





