রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য প্রাণ হারিয়েছেন। সোমবার রাত সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও চারজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তারা হলেন–ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল। আইএসপিআর পরিচালক সাংবাদিকদের জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার দিয়ে দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন সদস্যের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই আহত ও নিহতদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে, যেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।





