ভারতের আহমেদাবাদে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৮

প্রকাশ:

ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে ভাস্ত্রাল এলাকার ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের কারখানাটিতে এই দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া আরও নয়জন গুরুতর আহত হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা জানান, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে তারা বিস্ফোরণের খবর পান। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে। কারখানাটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। এরপরও স্থানীয় একটি খামারে অবৈধভাবে উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি।

বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মণিনগর সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সম্ভাব্য সহায়তা প্রদান করছে। নিহত প্রত্যেকের পরিবারকে পিএমএনআরএফের পক্ষ থেকে দুই লাখ রুপি করে এককালীন অনুদান দেওয়া হবে। পাশাপাশি আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা প্রদান করা হবে।

শেয়ার করুন