ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংবিধানের নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এই পরিবর্তনের ফলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এখন থেকে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করবেন।
শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিনের শারীরিক জটিলতা ও অসুস্থতার কারণেই মো. সাহাবুদ্দিন এই সিদ্ধান্ত নিয়েছেন। এই পদত্যাগের মাধ্যমে সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট নানা জল্পনা-কল্পনা ও বিভ্রান্তির অবসান ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই সংবিধান অনুযায়ী প্রয়োজনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও সম্পন্ন হয়েছিল। একইভাবে ডেপুটি স্পিকারের শপথের বিধান অনুযায়ী, স্পিকারের পদ শূন্য হলে তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন। তিনি আরও উল্লেখ করেন যে, দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ কখনো শূন্য থাকে না। সাংবিধানিক বিধান মেনেই দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাই রাষ্ট্র পরিচালনায় কোনো ধরনের সাংবিধানিক সংকট বা প্রশাসনিক জটিলতার সুযোগ নেই।





