জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হওয়ার জন্য আসেননি। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের শুরুর দিনে এই মন্তব্য করেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে বিরোধী দলের নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণের তীব্র সমালোচনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন, তিনি সম্মানিত সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখেই কথা বলছেন। তবে সংসদ অধিবেশন শুরুর দিন থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছেন বলে তিনি অভিযোগ করেন। বিরোধী দলের নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন তা তিনি বুঝতে পারছেন না। এছাড়া সংসদে দাঁড়িয়ে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন বলে যে দুঃসাহস দেখিয়েছেন, তা গ্রহণযোগ্য নয়। তিনি পরামর্শ দেন, শিক্ষকতা করতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী একটি নতুন বিশ্ববিদ্যালয় খুলতে পারেন, যেখানে যার ইচ্ছা ভর্তি হতে পারবে।
এসময় সরকারি দলের সংসদ সদস্যরা প্রতিবাদ জানালে বিরোধী দলের নেতা বলেন, তিনি বক্তব্য দেবেন নাকি সরকারি দলের সদস্যরা দেবেন? তিনি আরও বলেন, তার বক্তব্যের সময় এভাবে মন্তব্য করা হলে তার এখানে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। শফিকুর রহমান বিষয়টিকে 'পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম' হিসেবে অভিহিত করে বলেন, সংসদের সৌন্দর্য রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে এবং তার বিতর্কিত বক্তব্য কার্যপ্রণালি থেকে এক্সপাঞ্জ করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দাবি পূরণ না হলে তাদের পক্ষে সংসদে থাকা সম্ভব নয়।
এর আগে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন যে, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে এবং জেলাটিতে আইনের শাসন প্রতিষ্ঠায় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন কি না এমন প্রশ্ন রাখেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি হাসনাত আবদুল্লাহর প্রশ্ন বুঝতে পারেননি। তিনি আরও বলেন, এটি প্রশ্ন নাকি পল্টনের বক্তৃতা তা তিনি বুঝতে পারছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা হল না থাকা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্যের ভিত্তি কী তা তার জানা নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর বিরোধী দলের সংসদ সদস্যরা হট্টগোল শুরু করেন।





