মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান একান্তই নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান তার পোস্টে লিখেছেন, মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির স্বার্থে বা প্রয়োজনে বাংলাদেশ যদি কোনো সিদ্ধান্ত নেয়, তবে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।
উল্লেখ্য যে, পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির শর্ত অনুযায়ী, স্বাক্ষরকারী তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে তা তিন দেশের ওপরই হামলা হিসেবে গণ্য করা হবে।
বাংলাদেশ এই জোটে যোগদানের বিষয়ে ইতিবাচক আগ্রহ দেখিয়েছে। গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির জানান, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বা মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব পোষণ করছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বা আনুষ্ঠানিক কোনো অগ্রগতি হয়নি।





