হেডিংলিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারের পর পাকিস্তান দলের জন্য সুখবর নিয়ে এসেছে লর্ডস টেস্ট। ক্রিকেট বিষয়ক পোর্টাল ক্রিকইনফোর তথ্যানুযায়ী, চোট কাটিয়ে দ্বিতীয় টেস্টের জন্য দলে ফিরছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম। আগামী বৃহস্পতিবার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।
আঙুলের চোটের কারণে সিরিজের প্রথম টেস্টে একাদশে ছিলেন না বাবর। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবার আঙুলে আঘাত পেয়েছিলেন এই ডানহাতি ব্যাটার। পরবর্তী সময়ে ইংল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচে একই স্থানে আবারও চোট পান তিনি। তবে লর্ডস টেস্টে তাকে পাওয়ার ব্যাপারে সফরকারীরা এখন বেশ আশাবাদী।
দলের বোলিং কোচ উমর গুল নিশ্চিত করেছেন যে, অনুশীলনে বাবরকে বেশ স্বাচ্ছন্দ্যেই দেখা গেছে। গুল বলেন, বাবর নেটে ব্যাটিং করেছে। সে ফাস্ট বোলার, স্পিনার ও থ্রোডাউনের মুখোমুখি হয়েছে। আজ তাকে ভালো অবস্থায় দেখা গেছে এবং সে পুরো একটি ব্যাটিং সেশন সম্পন্ন করেছে। আমরা আশা করছি, পরের ম্যাচে তাকে পাওয়া যাবে।





