সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমবাড়ী গ্রামের গোলহাটি এলাকায় অভিযান চালিয়ে এসব ফুসকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৩ হাজার ৭০৮ কেজি ফুসকার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা।
জেলা গোয়েন্দা শাখার এসআই সাব্বির আহসান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় শাকিল (৪৫), মিলন মিয়া (২৭), ফরিদ মিয়া (৪০), শফিকুল ইসলাম (৪০) ও আল আমিন (৪০) সহ চোরাচালান চক্রের অজ্ঞাত আরও ২-৩ জন সক্রিয় সদস্যকে আসামি করা হয়েছে। পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





