নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫

প্রকাশ:

নেপাল ও তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভোতেকুশ নদীতে হঠাৎ পাহাড়ি ঢল থেকে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে। বুধবার যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত থেকে ভোতেকুশ নদীর মাধ্যমে হঠাৎ নেমে আসা পানির তোড়ে জনবহুল গ্রামগুলো প্লাবিত হয়। নদীর পানি ও কাদা মুহূর্তের মধ্যেই শত শত মানুষকে গ্রাস করে। এ ঘটনায় এখনো পাঁচ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে শতাধিক ভারতীয় নাগরিকসহ অন্তত ৩৪১ জন বিদেশি পর্যটক বা নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

নেপাল পর্যটন বোর্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, স্থানীয় বাসিন্দা এবং এলাকায় অবস্থানরত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। উদ্ধারকাজে নেপাল সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে জরুরি বৈঠক করেছেন এবং উদ্ধার তৎপরতা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন।

বন্যায় নেপালের বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) জানিয়েছে, রাসুয়াগড়ি, চিলিমে, ত্রিশুলি ৩এ, ত্রিশুলি ৩বি সাবস্টেশন, ত্রিশুলি ও দেবীঘাট জলবিদ্যুৎ কেন্দ্রসহ মোট ছয়টি প্রধান প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রায় ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

শেয়ার করুন