মেহেরপুরে কলেজছাত্রীর হাত বিচ্ছিন্ন করার ঘটনায় স্বামী আটক

প্রকাশ:

মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে এক কলেজছাত্রীর ডান হাত কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করার অভিযোগে সায়ন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৭টার দিকে পুলিশি অভিযানে তাকে আটক করা হয়। অভিযুক্ত সায়ন শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে। মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লর্ড মার্কেট এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই সময় সায়ন বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে সেলিম হোসেনের মেয়ে স্মৃতি আক্তারের ওপর হামলা চালায়। একপর্যায়ে কুপিয়ে তার ডান হাত কবজির ওপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে।

মেয়ের আর্তচিৎকার শুনে পাশের কক্ষ থেকে বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুন ছুটে এলে তাদের ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। হামলার পর অভিযুক্ত সায়ন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে যে কলেজছাত্রী স্মৃতি আক্তার ও অভিযুক্ত সায়ন সম্পর্কে ‘স্বামী-স্ত্রী’। ঘটনার পর থেকে পুলিশি তৎপরতা শুরু হয় এবং বুধবার সকালে সায়নকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন