পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ নবজাতক প্রাণ হারিয়েছে। বুধবার (২৬ আগস্ট) হাসপাতালের মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) বিভাগের নবজাতক ইউনিটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ওই ইউনিটে মোট ১৬ জন নবজাতক চিকিৎসাধীন ছিল। এদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত ওই ইউনিটের একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত পুরো ইউনিটে ছড়িয়ে পড়ে।
জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, আগুনে ১৪ জন শিশু ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তীতে কোনো উত্তপ্ত অংশ থেকে পুনরায় আগুন ছড়ানোর ঝুঁকি এড়াতে শীতলীকরণ বা কুলিং অপারেশন চালানো হয়।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত খতিয়ে দেখতে জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বাধীন এই কমিটি দুর্ঘটনার মূল কারণ এবং পরিস্থিতি পর্যালোচনা করবে।





