গ্রিসের ক্রিট দ্বীপের অদূরে দুটি নৌকা থেকে ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক এবং যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
কোস্টগার্ডের এক প্রেস কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে নৌকা দুটির অবস্থান শনাক্ত করার পর উদ্ধার অভিযান চালানো হয়। শুরুতে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ জন অভিবাসী উদ্ধারের তথ্য জানালেও, পরবর্তীতে কোস্টগার্ডের পক্ষ থেকে ৭৯ জন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বর্তমানে ক্রিট এবং এর পাশের গাভদোস দ্বীপ গ্রিসে আশ্রয়প্রার্থীদের প্রবেশের অন্যতম প্রধান রুট হয়ে উঠেছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার। গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে অনিয়মিত অভিবাসীর আগমন সাম্প্রতিক সময়ে কমেছে। গত এক বছরে প্রায় ৬১ হাজার অভিবাসী পৌঁছালেও পরবর্তী ১২ মাসে তা কমে প্রায় ৪২ হাজারে নেমে এসেছে, যা প্রায় ৩১ শতাংশ হ্রাস।
ইউরোপীয় ইউনিয়ন অনিয়মিত অভিবাসন ঠেকাতে লিবিয়ার মতো ট্রানজিট দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করেছে। গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস কঠোর অভিবাসন নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। এছাড়া অভিবাসীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে ইউরোপের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়েও জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে গ্রিস আলোচনা চালিয়ে যাচ্ছে।





