ঈদে মিলাদুন্নবী ঘিরে রাজধানীতে ডিএমপির কঠোর নিরাপত্তা বলয়

প্রকাশ:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থাকবেন। এছাড়া গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে।

নিরাপত্তা জোরদারে সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখবেন। সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত র‌্যাব ও সিআইডি টিম মোতায়েন থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে।

স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত অফিসার ও ফোর্স রাজধানীর বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভা, মিলাদ মাহফিল ও র‌্যালি কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট থানার মোবাইল টিম র‌্যালির সামনে ও পেছনে থাকবে। ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে তদারকি করবেন। নগরবাসীর নিরাপদ চলাচল এবং ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডিএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন