৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে ফিরছে ইউএস-বাংলার ফ্লাইট

প্রকাশ:

বৃহত্তর যশোর অঞ্চলের যাত্রীদের দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এই রুটে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজ ব্যবহার করা হবে। সপ্তাহে তিন দিন—শনিবার, বুধবার ও বৃহস্পতিবার—দিনে দুটি করে মোট ছয়টি ফ্লাইট পরিচালিত হবে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে প্রথম ফ্লাইটটি সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা ত্যাগ করে ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে এবং যশোর থেকে ১০টা ৪৫ মিনিটে ছেড়ে ১১টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। দ্বিতীয় ফ্লাইটটি বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে রওনা হয়ে ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে এবং সন্ধ্যা ৬টায় যশোর থেকে ছেড়ে ৬টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

এ রুটে ভ্রমণের জন্য সর্বনিম্ন ওয়ান-ওয়ে ভাড়া ৫,৭৪৯ টাকা এবং রিটার্ন ভাড়া ১১,৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ভাড়ার সাথে ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম জানান, ২০১৪ সালের ১৭ জুলাই এই ঢাকা-যশোর রুট দিয়েই তাদের এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়েছিল। তিনি আরও বলেন, এ অঞ্চলের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতের সুবিধার্থে পুনরায় ফ্লাইট চালুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাত্রীদের চাহিদা অনুযায়ী ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

শেয়ার করুন