বিশ্বকাপের চলমান আসরে বড় ধরনের বিতর্কের মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা আকস্মিকভাবে তুলে নেওয়াকে কেন্দ্র করে সংস্থাটির বিরুদ্ধে সরাসরি তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক আইনপ্রণেতা।
ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে বালোগুনের খেলার কথা ছিল না। কিন্তু ফিফা রহস্যজনকভাবে তার ওপর থেকে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করার পরই এই বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুজ, লারা ভোল্টার্স ও নিলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে দাবি করেছেন, চলমান টুর্নামেন্টের মাঝে নিয়ম পরিবর্তন করা খেলাধুলার ন্যায্যতার পরিপন্থি এবং এটি বিচার ব্যবস্থার বিকৃতি। রাজনৈতিক চাপের মুখে ফিফা এই সিদ্ধান্ত বদলেছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা জরুরি বলে মনে করেন তারা।
ইতিমধ্যে অন্তত ৩৫ জন আইনপ্রণেতা এই তদন্তের দাবিতে সমর্থন জানিয়েছেন। তারা ইউরোপীয় দেশগুলোর ফুটবল ফেডারেশনগুলোকে আহ্বান জানিয়েছেন যেন বিষয়টি ফিফার এথিকস কমিটির মাধ্যমে তদন্তের ব্যবস্থা করা হয়। যদিও ফিফার পক্ষ থেকে দাবি করা হয়েছে, বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার সম্পূর্ণভাবে তাদের শৃঙ্খলা কমিটির নিজস্ব সিদ্ধান্ত ছিল।





