ভারতের উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় স্বামী ও প্রেমিক—দুজনকেই নিয়ে একসঙ্গে সংসার করার এক বিরল ঘটনা সামনে এসেছে। মাহমুদাবাদ এলাকার বাসিন্দা অঞ্জু বর্মা তার স্বামী শুভম বর্মার সঙ্গে দাম্পত্য জীবনে দুই সন্তানের জননী। তবে তাদের দাম্পত্য জীবনের মধ্যেই পাশের গ্রামের বাসিন্দা নীতিন বিশ্বকর্মার সঙ্গে অঞ্জুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
একপর্যায়ে অঞ্জুর সামনে স্বামী ও প্রেমিকের মধ্যে একজনকে বেছে নেওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু তিনি কাউকেই ছেড়ে যেতে রাজি হননি। এর পরিবর্তে তিনি স্বামী শুভম ও প্রেমিক নীতিনকে নিয়ে একই ছাদের নিচে বসবাস করার সিদ্ধান্ত নেন। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দিলে অঞ্জু, তার স্বামী ও প্রেমিক থানায় হাজির হন।
থানায় অঞ্জু পুলিশকে জানান, তিনি স্বামী ও প্রেমিক—দুজনের সঙ্গেই থাকতে চান। পুলিশের উপস্থিতিতে শুভম জানান, স্ত্রীর এই সিদ্ধান্তে তার কোনো আপত্তি নেই এবং প্রয়োজনে তিনি বাড়ি ছেড়ে অন্যত্র থাকতেও প্রস্তুত। অন্যদিকে নীতিনও অঞ্জু ও শুভমের সঙ্গে একই বাড়িতে বসবাসের বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন।
পুলিশ কর্মকর্তারা তিনজনকে দীর্ঘ সময় ধরে বোঝানোর চেষ্টা করলেও তারা তাদের সিদ্ধান্তে অটল থাকেন। এদিকে, এই অস্বাভাবিক পারিবারিক সিদ্ধান্তে অঞ্জু ও শুভমের দুই সন্তানও কোনো আপত্তি জানায়নি। তারা মা, বাবা এবং নীতিনকে নিয়ে একসঙ্গে থাকতে সম্মত হয়েছে। তবে এই পারিবারিক সিদ্ধান্ত বাস্তবে কীভাবে কার্যকর হবে এবং তারা শেষ পর্যন্ত একই ছাদের নিচে সংসার করতে পারবেন কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল বিরাজ করছে।





