কনসার্ট বন্ধের অভিযোগ মানতে নারাজ তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান

প্রকাশ:

দেশে বর্তমানে লাগাতার কনসার্ট বন্ধ করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, তা প্রত্যাখ্যান করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জাহেদ উর রহমান বলেন, কনসার্ট বন্ধের ঘটনা ঘটছে সত্য, তবে তা লাগাতার হচ্ছে না। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় এখন যে পরিস্থিতি, তা ৫ আগস্ট পরবর্তী সময়ের তুলনায় অনেক ভালো। তিনি বলেন, 'আমরা একমত সবাই, ইন্টেরিমের (অন্তর্বর্তী) সময়ে এই ধরনের ঘটনা যত ঘটেছে, তার তুলনায় এখন কিছুই হচ্ছে না। অ্যাম আই রং?'

উপদেষ্টা আরও বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ যে পরিস্থিতিতে ছিল, বর্তমান সরকারের আমলে সেখানে নাটকীয় উন্নয়ন হয়েছে। তিনি উল্লেখ করেন, গত দেড়-দুই বছর ধরে কিছু গোষ্ঠী যে ধরনের কর্মকাণ্ড চালিয়েছে, তার তুলনায় বর্তমানের পরিস্থিতি অনেক বেশি উন্নত।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন জাহেদ উর রহমান। এ বিষয়ে তিনি জানান, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ও তা ছড়িয়ে দেওয়ার বিষয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। তার মতে, সাংস্কৃতিক বিষয়ে প্রধানমন্ত্রীর মতো মনোযোগী নেতৃত্ব বাংলাদেশ আগে পেয়েছে কি না, তা নিয়ে তার সন্দেহ রয়েছে।

শেয়ার করুন