দিল্লিতে আবারো আন্দোলনের ডাক ‘তেলাপোকা পার্টি’র

প্রকাশ:

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে সৃষ্ট অস্থিরতার পর সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় আবারো আন্দোলনের পথে হাঁটছে ব্যঙ্গাত্মক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। চলতি বছরের শুরুতে ইনস্টাগ্রামে যাত্রা শুরু করা এই সংগঠনটি আগামী ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছে। ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে এই পদযাত্রা দিল্লি পুলিশের সদর দপ্তরে গিয়ে শেষ হবে বলে সোমবার এক বিবৃতিতে জানানো হয়েছে।

সংগঠনটির অভিযোগ, গত ২৫ জুলাই সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার অধিকাংশই এখনো বাস্তবায়িত হয়নি। সিজেপির দাবি, সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের বদলে কৌশলগত অজুহাত দেখিয়ে কালক্ষেপণ করছে এবং স্পষ্ট কোনো আশ্বাস প্রদানে বিরত থাকছে। বিশেষ করে, আন্দোলনকারীদের বিরুদ্ধে সারা দেশে দায়ের হওয়া এফআইআরের তালিকা সুপ্রিম কোর্ট তলব করলেও সরকার এখনো তা সরবরাহ করেনি। এ ছাড়া সিজেপিকে সরকারের পক্ষ থেকে কোনো লিখিত আশ্বাসও দেয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

এর আগে নিট পরীক্ষার অনিয়মের প্রতিবাদে সিজেপির স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের টানা কয়েক সপ্তাহের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছিলেন। সে সময় আন্দোলনকারীরা সংসদ ভবনের দিকে পদযাত্রা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যাতে শিক্ষার্থী ও পুলিশ উভয়ই আহত হয়। সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, মৃত পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়ার শর্তে সে সময় কর্মসূচি স্থগিত করা হয়েছিল।

সোমবার সিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের আন্তরিকতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, সরকারের ব্যর্থতার প্রতিবাদে এবং নিহত পরীক্ষার্থীদের পরিবার ও পুলিশের সহিংসতার শিকার ব্যক্তিদের নেতৃত্বে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। সংগঠনটি শিক্ষার্থী, যুব সংগঠন ও তরুণ নাগরিকদের বিপুলসংখ্যায় ইন্ডিয়া গেটে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন