যুক্তরাষ্ট্রে বাণিজ্য ও পর্যটন ভিসায় প্রবেশ করে পরবর্তীতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন এমন প্রায় ২ লাখ ব্যক্তির ভিসা বাতিলের একটি বড় পরিকল্পনা গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে আসা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নথিতে এই তথ্য উঠে এসেছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তার সঙ্গেও কথা বলেছে সংবাদমাধ্যমটি।
জানা গেছে, ২০১৬ সাল থেকে ২০২৬ সালের মধ্যে যারা বি-ওয়ান এবং বি-টু ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয় চেয়ে আবেদন করেছেন, তাদের মধ্যে থেকে এই ২ লাখ আবেদনকারীর ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই পদক্ষেপটি বাস্তবায়ন করা হবে। যদি এই পরিকল্পনা কার্যকর করা হয়, তবে তা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এককভাবে সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা।





