সংস্কার হচ্ছে শাহরুখ-গৌরীর প্রথম ফ্ল্যাট ও মান্নাত

প্রকাশ:

বলিউড সুপারস্টার শাহরুখ খানের সমুদ্রমুখী বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এ বেশ কয়েক মাস ধরে সংস্কারকাজ চলছে। এই কাজের অংশ হিসেবে মান্নাতের পেছনের দিকে বেশ কিছু নতুন তলা নির্মাণ করা হচ্ছে। সংস্কারের কারণে শাহরুখ খান তার স্ত্রী গৌরী খান, বড় ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান এবং ছোট ছেলে আব্রাম খানকে নিয়ে বর্তমানে অন্যত্র থাকছেন। তারা বান্দ্রার পালি হিল এলাকায় প্রযোজক বাসু ভগনানির মালিকানাধীন ‘পূজা কাসা’ নামক একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে ভাড়া থাকছেন।

এই সংস্কার প্রকল্পের দায়িত্বে রয়েছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও প্রযোজক আনন্দ পণ্ডিত। তিনি তার সংস্থা ‘শ্রী লোটাস ডেভেলপার্স অ্যান্ড রিয়েলটি’র মাধ্যমে এই কাজ পরিচালনা করছেন। আনন্দ পণ্ডিত জানান, শাহরুখের দুটি বিলাসবহুল সম্পত্তির পুনর্নির্মাণের কাজ করছে তার সংস্থা। মান্নাত ছাড়াও শাহরুখের আরও একটি ফ্ল্যাট পুনর্নির্মাণের কাজ চলছে, যার সঙ্গে অভিনেতার আবেগের সম্পর্ক রয়েছে। কার্টার রোডে অবস্থিত ‘শ্রী অমৃত সোসাইটি’ নামের এই বহুতলটি শাহরুখের কেনা মুম্বাইয়ের প্রথম ফ্ল্যাট। কাজ শুরু করার সময় আনন্দ পণ্ডিত জানতেন না যে এই বাড়িটি শাহরুখের জন্য কতটা আবেগঘন, যদিও অভিনেতা আগে তাকে বহুতলটির নাম উল্লেখ না করেই এর কথা জানিয়েছিলেন।

আনন্দ পণ্ডিত ২০০০ সালের শুরুর দিকে তার রিয়েল এস্টেট সংস্থা প্রতিষ্ঠা করেন এবং প্রথম প্রজেক্ট থেকেই বলিউডের তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পান। তার প্রজেক্টে হৃতিক রোশন দুটি তলা, রাকেশ রোশন তিনটি এবং অজয় দেবগন একটি তলা কিনেছিলেন। বর্তমানে বলিউডের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ তারকার সঙ্গেই তার সংস্থা কাজ করছে বলে তিনি জানিয়েছেন।

বলিউডের ৮০-৯০ শতাংশ আমার সংস্থার সঙ্গে জড়িত।

শেয়ার করুন