যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি অথবা পারস্য উপসাগরের অন্য কোনো জলপথ ব্যবহার করে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
মোহসেন রেজাই স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ইরানের জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক যুদ্ধে যদি কোনো দেশ অংশগ্রহণ করে বা সহায়তা প্রদান করে, তবে ইরান সেটিকে সরাসরি যুদ্ধ হিসেবেই বিবেচনা করবে।
তেহরানের পক্ষ থেকে বারবারই এই অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে যে, হরমুজ প্রণালির নিরাপত্তা ও সামগ্রিক পরিচালনার দায়িত্ব উপকূলীয় দেশগুলোর হাতেই থাকা উচিত। এছাড়া ইরানের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেবে কিংবা ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক কার্যক্রমে সহযোগিতা করবে, তাদেরও এর দায়ভার বহন করতে হবে।





