যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় নেভাদা অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল রেনো শহরের দিকে দ্রুত এগিয়ে আসায় স্থানীয় প্রশাসন বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। রেনোর মেয়র হিলারি শিভে সিএনএনকে জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৪২ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। এছাড়া আরও প্রায় ৪৫ হাজার বাসিন্দাকে যেকোনো মুহূর্তে এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
‘হক ফায়ার’ নামে পরিচিত এই দাবানলটি শুরুর মাত্র একদিনের মধ্যেই প্রায় ১৫ হাজার ৪০ একর বা ৬ হাজার ৮৭ হেক্টর এলাকায় ছড়িয়ে পড়েছে। রোববার বিকেলে আগুনটি রেনো শহরের প্রায় ৫ মাইল বা ৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। ২০২৫ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী, রেনো মহানগর এলাকায় ২ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ বসবাস করেন। দাবানলের ফলে পাহাড়ি এলাকায় অবস্থিত কয়েকটি বাড়ি ইতোমধ্যে পুড়ে গেছে এবং ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে তিনজন জরুরি সেবাকর্মী রয়েছেন।
যুক্তরাষ্ট্রের দাবানল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ইনসিওয়েব পরিস্থিতিকে ‘খুবই ভয়াবহ’ হিসেবে বর্ণনা করেছে। স্থানীয় ফায়ার সার্ভিসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে পাহাড়ের চূড়া থেকে আগুনের শিখা এবং আকাশজুড়ে ঘন ধোঁয়ার মেঘ দেখা গেছে। পরিস্থিতি মোকাবিলায় গভর্নর জো লোম্বার্ডো ওয়াশো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তার আদেশে বলা হয়েছে, হক ফায়ার দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বাড়িঘর ও বিভিন্ন স্থাপনার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে।
রেনো শহরটি নেভাদার উত্তর-পশ্চিমে ক্যালিফোর্নিয়া সীমান্তের কাছে এবং সিয়েরা নেভাদা পর্বতমালার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেক তাহোর কাছাকাছি অবস্থিত। স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান রিচার্ড এডওয়ার্ডস বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বাতাসের কারণে এই দাবানল খুবই পরিবর্তনশীল এবং যেকোনো সময় এটি আবাসিক এলাকাগুলোতে পৌঁছে যেতে পারে।





