বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বর্ণাঢ্য জীবন নিয়ে নির্মিতব্য বায়োপিকের কাজ দ্রুত এগিয়ে চলছে। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন অভিনেত্রী সারা অর্জুন। তিনি এরই মধ্যে চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছেন। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘ডার্লিংস’ খ্যাত পরিচালক জসমিত কে রিন। যদিও এখন পর্যন্ত সিনেমাটির নাম চূড়ান্ত করা হয়নি।
নির্মাতারা এই সিনেমার মাধ্যমে কেবল মধুবালার জীবনের গল্প তুলে ধরতে চান না, বরং তার ব্যক্তিত্ব, আচরণ, চলাফেরা, অঙ্গভঙ্গি এবং যে সময়ে তিনি বেড়ে উঠেছিলেন সেই পরিবেশকেও পর্দায় জীবন্ত করে তোলার পরিকল্পনা করছেন। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডের প্রতিবেদন অনুযায়ী, নির্মাতা সঞ্জয় লীলা বানসালি তার বর্তমান সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ শেষ করার পরপরই এই বায়োপিকের কাজে যুক্ত হবেন।
চলমান পরিকল্পনা অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে মুম্বাইয়ের গোরেগাঁওয়ের রয়্যাল পামস এলাকায় সিনেমাটির শুটিং শুরু হতে পারে। বর্তমানে একই স্থানে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শেষ গানের দৃশ্যের কাজ চলছে, যা আগস্টের শেষ নাগাদ শেষ হওয়ার কথা। এরপরই প্রোডাকশন ডিজাইন দল বায়োপিকের দৃশ্য ও সময়কাল অনুযায়ী সেট তৈরির কাজ শুরু করবে।





