ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তার করা আবেদনের পরিপ্রেক্ষিতে অনলাইনে থাকা ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত। জাহ্নবীর করা এই মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট খোলা এবং তার পরিচয় ব্যবহার করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাহ্নবী কাপুর তার মামলায় প্রায় সাত হাজার লিংকের বিষয়টি উল্লেখ করেছিলেন। এর মধ্যে ৫৫২টি ইউআরএলকে তাৎক্ষণিকভাবে আপত্তিকর ও অশালীন হিসেবে চিহ্নিত করে তা দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব কনটেন্ট অপসারণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছেন, কোনো তারকার নামে পরিচালিত সব ফ্যান পেজকে ঢালাওভাবে বেআইনি বলা সম্ভব নয়। অনেক ক্ষেত্রে এসব পেজে তারকার ছবি, ভিডিও, চলচ্চিত্রসংক্রান্ত তথ্য কিংবা প্রশংসা ও গঠনমূলক সমালোচনা থাকতে পারে, যা বন্ধ করার কোনো যৌক্তিকতা নেই। তবে কোনো পেজে যদি অশালীন কনটেন্ট প্রচার করা হয় অথবা তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা চালানো হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আদালত স্পষ্ট করেছেন।
উল্লেখ্য, জাহ্নবী কাপুরকে সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশনধর্মী সিনেমা 'পেড্ডি'-তে দেখা গেছে। বুচি বাবু সানা পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে আরও অভিনয় করেছেন রাম চরণ ও শিবরাজ কুমার।





