যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের পাল্টা হামলা

প্রকাশ:

ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এর আগে যুক্তরাষ্ট্রের এই হামলাকে যুদ্ধবিরতির ‘গুরুতর লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে আইআরজিসি। ইরানের বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। মিত্রদেশ দুটিতে হামলার পাশাপাশি আইআরজিসি একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে, যদিও তাসনিম নিউজ এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সাম্প্রতিক মার্কিন কর্মকাণ্ডকে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের ‘গুরুতর লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, হরমুজ প্রণালিতে ইরানের গৃহীত ব্যবস্থার লঙ্ঘন, বারবার হামলার হুমকি, ইরানের তেল খাতে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ, দক্ষিণ ইরানে হামলা এবং লেবাননে জায়নবাদী আগ্রাসন অব্যাহত রাখা সমঝোতা স্মারকের পরিপন্থী।

এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ডের সদর দপ্তর খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে দক্ষিণ ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানানো হয়। এটিকে একটি স্পষ্ট আগ্রাসন হিসেবে বর্ণনা করে সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা এর ‘বিধ্বংসী প্রতিক্রিয়া’ দেখাবে। একই সঙ্গে হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় কোনো বহিরাগত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে। সামরিক বাহিনীর মতে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপদ চলাচলের একমাত্র পথ হলো ইরানের নির্ধারিত রুট।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানায় হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা ছিল। উল্লেখ্য, মঙ্গলবার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায় উপলক্ষে সাত দিনের আনুষ্ঠানিক কর্মসূচি চলার মধ্যেই যুক্তরাষ্ট্র এই হামলা চালায়। এদিকে, আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহবি জানিয়েছেন, ইরানের বুশেহর প্রদেশের খোরমুজ এলাকার আকাশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘আকাশপথে আগ্রাসনের’ জবাবেই ওই ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

শেয়ার করুন