ইরানের ৮০টি সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমান হামলা

প্রকাশ:

হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানের ৮০টি সামরিক লক্ষ্যবস্তুতে ‘শক্তিশালী’ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই আগ্রাসনের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দুই পরাশক্তির মধ্যে নতুন করে তৈরি হওয়া এই চরম উত্তেজনার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম একলাফে ২.৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭২.৪০ ডলারে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার সাইট এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এই হামলা চালানো হয়েছে। এছাড়া হরমুজ প্রণালি ও এর আশপাশে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ৬০টির বেশি ছোট নৌযানেও আঘাত হানা হয়েছে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক নাবিকদের পরিচালিত বাণিজ্যিক জাহাজে হামলার ‘মূল্য চুকাতেই’ এই অভিযান। হামলার শিকার জাহাজগুলোর মধ্যে রয়েছে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী কাতারি জাহাজ ‘এমটি আল আল-রেকাইয়াত’, সৌদি আরবের পতাকাবাহী ‘এমটি ওয়াদিয়ান’ এবং লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি সাইপ্রাস প্রসপারিটি’। এই ঘটনাকে ‘অযৌক্তিক আগ্রাসন’ এবং ‘যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘নগ্ন আগ্রাসন’ বলেছে। ইরাকে প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজা চলাকালে চালানো এই হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিভাবাদি একে গত মাসে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। হামলার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞায় দেওয়া সাময়িক ছাড়ও প্রত্যাহার করে নেয়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি দাবি করেছে, সামরিক স্থাপনার কথা বলা হলেও যুক্তরাষ্ট্রের বেশিরভাগ হামলাই হয়েছে দক্ষিণাঞ্চলের বেসামরিক এলাকা লক্ষ্য করে। এদিকে কাতার ও সৌদি আরব হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, তাদের জাহাজ ‘আল-রেকাইয়াত’ হামলার শিকার হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয় এবং ‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ’ নামে নতুন সংস্থা গঠন করে। নতুন সমঝোতা অনুযায়ী ভবিষ্যতে ওমানের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে প্রণালির ব্যবস্থাপনা দেখার কথা ছিল ইরানের। এদিকে নতুন করে মার্কিন হামলার খবরে ইরাক সফর সংক্ষিপ্ত করে তেহরানে ফিরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যে যোগ দিতে ইরাকের নাজাফে ছিলেন। আগামী ৯ জুলাই মাশহাদে খামেনির মরদেহ সমাহিত করার কথা রয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২.৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭২ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বন্ড ফিউচারের দরপতন হয়েছে।

শেয়ার করুন