স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পুলিশ প্রধানের আকস্মিক থানা পরিদর্শনের পর তেজগাঁও এবং পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে তেজগাঁও থানার ওসি পুলিশ পরিদর্শক ক্যশৈনু এবং পল্টন মডেল থানার ওসি পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামাল খান রয়েছেন। আদেশে তাদের ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এই প্রত্যাহার ও সংযুক্তির আদেশ ২২ আগস্ট ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।
এর আগে শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি থানার ওসিকে সেখানে পাননি। একই দিন সন্ধ্যায় পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনার পল্টন মডেল থানায় পরিদর্শনে যান। সেখানে ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খানকে সিভিল পোশাকে পাওয়া যায়। এ সময় থানার কিছু কার্যক্রমে অসংগতি তাদের নজরে আসে বলে জানা গেছে।





