২০২২ সালে বাল্টিক সাগরের তলদেশে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বোমা হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ক্রোয়েশিয়ায় গ্রেপ্তার হয়েছেন ইউক্রেনীয় নাগরিক ভলোদিমির ঝুরাভলেভ। একটি হলিউড সিনেমার নির্মাণাধীন সেটে পরামর্শক হিসেবে কাজ করার সময় স্থানীয় কর্তৃপক্ষ তাঁকে আটক করে। মজার বিষয় হলো, যে বোমা হামলার ঘটনায় তিনি অভিযুক্ত, সেই ঘটনাটি নিয়েই সিনেমাটি নির্মিত হচ্ছে।
পেশায় স্কুবা ডুবুরি ও প্রশিক্ষক ঝুরাভলেভকে জার্মানির আদালতের নথিতে ‘ভ্লাদিমির জেড’ হিসেবেও উল্লেখ করা হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়া থেকে জার্মানিতে সংযোগকারী নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম-২ পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় জার্মান কৌঁসুলিরা তাঁকে অন্যতম সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছেন। তবে ঝুরাভলেভ এই নাশকতার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে ২০২৪ সালে পোল্যান্ডে গ্রেপ্তার এড়িয়ে তিনি ইউক্রেনে চলে গিয়েছিলেন। সে সময় পোলিশ আদালত জার্মান কর্তৃপক্ষের ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে অস্বীকৃতি জানিয়েছিল।
বর্তমান গ্রেপ্তারের পর ঝুরাভলেভের আইনজীবীরা তাঁকে জার্মানির কাছে প্রত্যর্পণ ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। তাঁর পোলিশ আইনজীবী টিমোতেউস পাপরোকি দাবি করেছেন, পোল্যান্ডের আদালত যেহেতু বিষয়টি নিয়ে আগেই সিদ্ধান্ত দিয়েছে, তাই ক্রোয়েশিয়ার আদালতের পুনরায় শুনানি করার আইনি ভিত্তি নেই।
নর্ড স্ট্রিম পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় জার্মানি এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে, যদিও ডেনমার্ক ও সুইডেন ২০২৪ সালে তাদের তদন্ত বন্ধ করে দিয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতালিতে গ্রেপ্তার হওয়া সের্হি কে নামের আরেক সাবেক ইউক্রেনীয় সেনা কর্মকর্তাকে গত বছর জার্মানিতে হস্তান্তর করা হয়েছে। জার্মান প্রসিকিউটরদের দাবি, সের্হি কে-এর নেতৃত্বাধীন একটি দল জাল পাসপোর্ট ব্যবহার করে জার্মানিতে প্রবেশ করে এবং ভুয়া পরিচয়পত্র দিয়ে ইয়ট ভাড়া করে এই বিস্ফোরণ ঘটায়। ইউক্রেন সরকার অবশ্য এই নাশকতায় তাদের জড়িত থাকার কথা বরাবরই অস্বীকার করে আসছে।
নর্ড স্ট্রিম–২ তখনো চালু হয়নি। প্রায় ১ হাজার ১০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত নর্ড স্ট্রিম–২ গ্যাস পাইপলাইনটির মালিকানা রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত জ্বালানিপ্রতিষ্ঠান গাজপ্রমের। এরপর ২০২৫ সালের নভেম্বরে তাঁকে জার্মানিতে পাঠানো হয়। প্রসিকিউটররা জানিয়েছেন, পেশাদার ডুবুরি, একজন নৌকার মাঝি এবং একজন বিস্ফোরক বিশেষজ্ঞের একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন সের্হি কে। এই সন্দেহভাজন ব্যক্তিরা ২০২২ সালের সেপ্টেম্বরে জাল ইউক্রেনীয় পাসপোর্ট ব্যবহার করে জার্মানিতে প্রবেশ করেন।
ঝুরাভলেভ যে সিনেমার সেটে কাজ করছিলেন, তার নাম ‘স্নেক আইল্যান্ড’। এটি পরিচালনা করছেন ডগ লিম্যান। তিনি ২০০২ সালের থ্রিলার ‘দ্য বর্ন আইডেন্টিটি’, ২০০৫ সালের অ্যাকশন-কমেডি ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ এবং ২০১৪ সালের বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর সিনেমা ‘এজ অব টুমরো’ পরিচালনার জন্যও বিখ্যাত। গ্যাস পাইপলাইন নিয়ে তৈরি লিম্যানের আসন্ন এই কাল্পনিক পলিটিক্যাল থ্রিলার সিনেমায় অভিনয় করছেন একাধিক অস্কারজয়ী তারকা—শন পেন ও অ্যাড্রিয়েন ব্রডি। ব্রডিকে সিনেমার শুটিং স্পটে দেখা গেছে। গ্রেপ্তারের সময় ঝুরাভলেভ জাগরেব শহরে সিনেমার শুটিংয়ে পরামর্শক হিসেবে যুক্ত ছিলেন।





