কবি মোহন রায়হানের ৭০তম জন্মদিন উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘মোহন রায়হান ৭০ বছর উদযাপন পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কবির জীবন ও কর্মের মূল্যায়ন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন, নৃত্যনাট্য, গান ও আবৃত্তির মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়। শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মণি। তিনি বলেন, ‘আমি কবি মোহন রায়হানের দীর্ঘায়ু কামনা করি। তার মতো কবি এ দেশের জন্য প্রয়োজন। তিনি আরও কবিতা লিখুন এবং দেশের সাহিত্যাঙ্গনে অবদান রাখুন—এই কামনা করি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘মোহন রায়হান ৭০ বছর উদযাপন পরিষদ’-এর আহ্বায়ক এবং লেখক ও গবেষক ড. সলিমুল্লাহ খান। তিনি বলেন, ‘মোহন রায়হানের জীবন বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাঁর সৃজন ও সংগ্রামের মূল্যায়ন এবং নতুন প্রজন্মের কাছে তার জীবনাদর্শ ও সাহিত্যকর্ম পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ, কবি মতিন বৈরাগী, সাংবাদিক আবু সাইদ খান এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল হক বলেন, ‘কবিরা না থাকলে এই পৃথিবী বাসযোগ্য হতো না। কবি মোহন রায়হান আমাদের সমাজ বিনির্মাণের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।’
একঝাঁক তরুণ সংগীতশিল্পীর উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর কবির জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘অগ্নিপথের কবি’ প্রদর্শিত হয়। এছাড়া আয়োজনে সংবর্ধনা গ্রন্থ ও ‘নির্বাচিত ১০০ কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।





