ফরিদপুরে মাদক নিয়ে সংঘর্ষ, পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর

প্রকাশ:

ফরিদপুর কোতোয়ালি থানার ডাঙ্গী গ্রামে মাদক সেবনের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের একটি গাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। শনিবার দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেল ৫টায়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওই এলাকায় শাকিল ও তার সহযোগীদের ইয়াবা সেবনের একটি ভিডিও ধারণ করেন টুলু মিয়া নামের এক ব্যক্তি। ভিডিওটি প্রকাশের ভয় দেখিয়ে টুলু মিয়া শাকিলের কাছে অর্থ দাবি করেন। পরবর্তীতে শাকিল ও তার সহযোগীরা টাকা দেওয়ার কথা বলে টুলু মিয়াকে ডেকে এনে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে চিকিৎসার ব্যবস্থা করে এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেয়।

তবে এই ঘটনার প্রতিশোধ নিতে শুক্রবার বিকেল ৫টার দিকে টুলু মিয়া ১৫-২০টি মোটরসাইকেলের একটি বহর নিয়ে ডাঙ্গী এলাকায় গিয়ে মান্নান ফকির ও বক্কার সিকদারকে পিটিয়ে পালিয়ে যায়। এর জেরে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে টুলু মিয়াকে না পেয়ে তার বাবা রাজা মিয়া এবং জয়নাল নামের এক স্থানীয় বাসিন্দাকে মারধর করে।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এসময় উত্তেজিত জনতা পুলিশকে বাধা দেয় এবং পুলিশের গাড়িতে হামলা চালিয়ে গাড়ির চাবি ছিনিয়ে নেয়। পরে ওসি মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওসি মাহমুদুল হাসান জানান, স্থানীয় আধিপত্য ও মাদকসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং পুলিশের পিকআপ ভ্যানটি ভাঙচুর করা হয়েছে।

শেয়ার করুন