বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবিতে তৌহিদি জনতার প্রচারণা

প্রকাশ:

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সোনাই নদীতে প্রতিবছরের মতো এবারও নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে ২৮ আগস্ট এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আয়োজনের ঘোষণার পর থেকেই ‘লাউতা ইউনিয়ন তৌহিদি জনতা’ ব্যানারে একদল ব্যক্তি প্রতিযোগিতাটি বাতিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত বৃহস্পতিবার বারইগ্রাম বাজার মসজিদে একটি সভাও করেছেন তাঁরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আয়োজনের বিরুদ্ধে তিন ব্যক্তি বক্তব্য দিচ্ছেন। তাঁদের অভিযোগ, নৌকাবাইচের নামে জুয়ার আসর বসানোর চেষ্টা চলছে, যা যুবসমাজের নৈতিক অবক্ষয় ঘটাবে। এছাড়া নদী ভাঙন, যানজট এবং রোগীদের চলাচলে সমস্যার কথা তুলে ধরে তাঁরা দাবি করেন, অতীতে এ ধরনের আয়োজনে মারামারি ও বিশৃঙ্খলা ঘটেছে। কয়েক বছর আগে এমন একটি ঘটনায় মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে তাঁরা দাবি করেন।

আয়োজক কমিটির সদস্য আমিনুল ইসলাম জানান, গত ১৫ থেকে ২০ বছর ধরে সোনাই নদীতে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। মুষ্টিমেয় কিছু ব্যক্তি এর বিরোধিতা করছেন, কিন্তু স্থানীয় মুরব্বিরাসহ অধিকাংশ মানুষ আয়োজনের পক্ষে। আগামী শুক্রবার দুপুরের মধ্যে নৌকা নিবন্ধনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে গরু ও দ্বিতীয় পুরস্কার হিসেবে ছাগল প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে বিয়ানীবাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার জানান, নদীর পাড় ও আবাদি জমির ক্ষয়ক্ষতি এবং অতীতে মারামারির ঘটনার পরিপ্রেক্ষিতে এক পক্ষ বাইচ বন্ধের দাবি জানিয়েছে। এটি একটি স্থানীয় ইস্যু। বিষয়টি সমাধানের লক্ষ্যে উভয় পক্ষকে নিয়ে আজ শনিবার বিকেলে উপজেলা কার্যালয়ে বসার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইউএনও আরও বলেন, প্রশাসনিক অনুমতি সাপেক্ষে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়েই আয়োজকদের সিদ্ধান্ত নিতে হবে।

শেয়ার করুন