বন্দে মাতরমের সব স্তবক সবার জন্য গ্রহণযোগ্য নয়: শর্মিলা ঠাকুর

প্রকাশ:

ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’ নিয়ে নিজের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেছেন বলিউডের প্রখ্যাত বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তিনি মনে করেন, ভারতের সব ধর্মের মানুষের অনুভূতি বিবেচনা করলে গানটির প্রথম দুটি স্তবকই যথেষ্ট। যারা এক স্রষ্টায় বিশ্বাস করেন, তাদের জন্য এই গানের কিছু অংশ পাঠ করা কঠিন ও অস্বস্তিকর হতে পারে।

গত বৃহস্পতিবার সংবাদ সংস্থা আইএএনএসকে (IANS) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শর্মিলা ঠাকুর এ মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের বৈচিত্র্যময় ধর্মীয় আবহাওয়ায় বহু মানুষ এক ঈশ্বরে বিশ্বাসী। কিন্তু ‘বন্দে মাতরম’ গানের পরবর্তী স্তবকগুলোতে একাধিক হিন্দু দেব-দেবীর উল্লেখ রয়েছে। ফলে যারা এক ঈশ্বরে বিশ্বাস করেন, তাদের জন্য ‘বন্দে কালী’ বা ‘বন্দে দুর্গা’র মতো বাক্য উচ্চারণ করা অস্বস্তিকর ও কঠিন হতে পারে।

দেশের সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলার ওপর গুরুত্বারোপ করে এই অভিনেত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে গানটির প্রথম দুটি স্তবকই সবার জন্য সবচেয়ে ভালো এবং গ্রহণযোগ্য সমাধান হতে পারে। সব স্তবক সবার ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

শর্মিলা ঠাকুরের এই মন্তব্য ভারতের জাতীয় গানকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে কংগ্রেস তাদের দলীয় কর্মসূচিতে ‘বন্দে মাতরম’-এর প্রথম দুই স্তবক গাওয়ার নীতি মেনে চলে। অন্যদিকে, বিজেপির নেতারা এই অবস্থানের কারণে কংগ্রেসের তীব্র সমালোচনা করে আসছেন। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের পর থেকেই জাতীয় গানটির পরিবেশন এবং এর ঐতিহাসিক ব্যাখ্যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আরও জোরালো হয়েছে।

শেয়ার করুন