আজ সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ

প্রকাশ:

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পর আজ নতুন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় তিনি শপথ গ্রহণ করবেন। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ এই অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য, বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনের আশপাশের এলাকায় গাড়ি চলাচলের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। তবে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের জন্য এই বিধিনিষেধ প্রযোজ্য নয়।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়লাভ করেন। মোট ৩৪৩টি ভোটের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ। রাষ্ট্রের আনুষ্ঠানিক সব কার্যক্রম রাষ্ট্রপতির নামেই পরিচালিত হয় এবং তাকে রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে রাষ্ট্রপতি পদে বিজয়ী হিসেবে মির্জা ফখরুলের নাম ঘোষণা করেন নির্বাচনে প্রধান নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শেয়ার করুন