গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় তিনি এই অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সাথে তিনি নিবিড়ভাবে সম্পৃক্ত। তার সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সঙ্কটকালে নেতৃত্ব প্রদানের সক্ষমতা এবং তৃণমূলের মানুষের সাথে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তাকে জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।
ড. ইউনূস আরও বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুলের এই নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে।
নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সাথে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।





