বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

প্রকাশ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের ফলে মহাসচিব পদটি শূন্য হয়েছিল। সেই শূন্যতা পূরণের পাঁচ দিনের মাথায় রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

রুহুল কবির রিজভী এর আগে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া গত ১৭ ফেব্রুয়ারি তিনি মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবেও নিয়োগ পান। গত ১৫ আগস্ট তাকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

কুড়িগ্রামের পৈতৃক নিবাসের এই নেতার শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ থেকে এমএ, ইতিহাস বিষয়ে এমএ এবং আইন বিষয়ে স্নাতক ডিগ্রি। তিনি ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিলেন এবং ১৯৯০ সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন এবং ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন