সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আয়োজিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই সাফল্য অর্জন করেন।
ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী নুরুদ্দিন জাকারিয়া প্রতিযোগিতার চতুর্থ শাখায় অংশগ্রহণ করেছিলেন। এই বিভাগে তিনি টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদে নিজের দক্ষতার প্রমাণ দেন। প্রতিযোগিতার প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন করে বিচারকদের মূল্যায়নে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
এবারের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের হাফেজ ও কারিরা পাঁচটি পৃথক শাখায় অংশ নেন। বিচারকরা প্রতিযোগীদের কোরআন হিফজ, তিলাওয়াত ও তাজবিদের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কঠোরভাবে মূল্যায়ন করেছেন।
নিজের এই সাফল্য নিয়ে এক সাক্ষাৎকারে নুরুদ্দিন জাকারিয়া বলেন, পবিত্র কোরআনই তাকে একটি ছোট গ্রাম থেকে মক্কা নগরীর এই মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে। মসজিদুল হারামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেওয়ার সুযোগ পাওয়াকে তিনি জীবনের অন্যতম স্মরণীয় অর্জন ও বড় সম্মান হিসেবে উল্লেখ করেছেন।
সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল। মক্কার পবিত্র ভূমিতে বাংলাদেশের এই তরুণ হাফেজের অর্জনকে দেশের জন্য অত্যন্ত গৌরবের বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই সাফল্যের মাধ্যমে দেশের কোরআন শিক্ষা ও হিফজের অঙ্গনে নতুন করে অনুপ্রেরণা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।





