চলতি জুলাই মাসের জন্য উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি বা জেট ফুয়েলের দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার এক বার্তায় সংস্থাটি জানায়, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৯৮০৮ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ ডলার করা হয়েছে।
এর আগে গত ৭ জুন অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল। সেই সময়ে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়েছিল।





