ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস তার ইসলাম গ্রহণের খবরকে পুরোপুরি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। মরক্কোর ফুটবল এজেন্ট সৌহাইলা আল তাহিরিকে বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।
সম্প্রতি সৌদি আরবের দৈনিক ওকাজকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্লোস এই গুঞ্জন নাকচ করে দেন। তিনি জানান, ইসলামের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে এবং তার স্ত্রীকে নামাজ পড়তে দেখে তার ভালো লাগে। তবে তিনি ইসলাম গ্রহণ করেছেন—এই দাবিটি সত্য নয়।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের একজন নেতার উপস্থিতিতে কালিমা পাঠ করে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তুরস্কের ক্ষমতাসীন দল একেপি-র একজন আইনপ্রণেতার বক্তব্যের পর এই গুঞ্জন আরও জোরালো হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার বিয়ের ছবিগুলোতে ইসলামি রীতিতে অনুষ্ঠান পালন করতে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে কার্লোস ব্যাখ্যা করেন যে, তাদের বিয়ের অনুষ্ঠানটি দুই পরিবারের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান জানাতেই ভিন্ন ভিন্ন রীতিতে আয়োজন করা হয়েছিল। পরিবারের সদস্যরা ক্যাথলিক হওয়ায় তাদের জন্য এক ধরনের আয়োজন ছিল, অন্যদিকে তার স্ত্রী ও মুসলিম বন্ধুদের জন্য ইসলামি রীতিতেও অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
রবার্তো কার্লোসের স্ত্রী সৌহাইলা আল তাহিরি একজন ফিফা লাইসেন্সধারী ফুটবল এজেন্ট। কার্লোস জানান, একটি ফুটবল-সংক্রান্ত ব্যবসায়িক বৈঠকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং গত দুই বছর ধরে তারা ব্যক্তিগত ও পেশাগতভাবে একসঙ্গে কাজ করছেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফটব্যাক হিসেবে পরিচিত কার্লোস রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ সময় খেলেছেন এবং ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন।





