ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, আগস্টে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী

প্রকাশ:

অন্যান্য বছরের তুলনায় ডেঙ্গুর বর্তমান প্রকোপ আর কেবল রাজধানী ঢাকা-কেন্দ্রিক সীমাবদ্ধ নেই। দেশের বিভিন্ন জেলাতেও এখন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। কোন কোন এলাকায় ডেঙ্গু দ্রুত ছড়াচ্ছে এবং সামনে পরিস্থিতি কোথায় বেশি খারাপ হতে পারে, তা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা সাড়ে ২৬ হাজারের বেশি। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে।

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জুলাই মাস থেকেই ধারাবাহিকভাবে বাড়ছে। তবে আগস্টের প্রথম তিন সপ্তাহেই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা জুলাই মাসের পুরো সময়ের চেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসে ১৯ আগস্ট পর্যন্ত প্রায় ১১ হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নয় হাজার ২০০-এর বেশি ডেঙ্গু রোগী।

বর্ষা মৌসুমে সাধারণত এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি হয়। বৃষ্টির পর বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে। ফলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সামনে আরো বাড়বে কি না, সেই প্রশ্নও এখন সামনে আসছে।

শেয়ার করুন